২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমেশ্বরীতে বাঁধ, ঝিনাইগাতীতে সেচ সঙ্কটের আশঙ্কা

শেরপুরে সোমেশ্বরী নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধের কারণে ঝিনাইগাতি উপজেলার চারটি ইউনিয়নের ২১টি গ্রামে সেচ সঙ্কটের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

শেরপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে সোমেশ্বরী নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধের কারণে ঝিনাইগাতি উপজেলার চারটি ইউনিয়নের ২১টি গ্রামে সেচ সঙ্কটের আশঙ্কা সৃষ্টি হয়েছে। চলতি বোরো মৌসুমে পানির অভাব হতে পারে আশঙ্কায় এই এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সঙ্কট সমাধানের জন্য ইতিমধ্যে তারা ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান ও উপজেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। সোমেশ্বরী নদীর উজানে শ্রীবরদী উপজেলার বালিজুরি এবং ঝিনাইগাতী উপজেলার কাংশা ও আয়নাপুরে স্থানীয় বাসিন্দারা নিজেদের সেচ সুবিধার্থে অবৈধভাবে তিনটি বাঁধ দেওয়ায় সেচ সঙ্কটের এই আশঙ্কা সৃষ্টি হয়েছে। ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের কালীনগর গ্রামের চাষি আবু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন, কাংশা ও ধানশাইল ইউনিয়ন এবং হাতীবান্দার ২১টি গ্রামের চাষাবাদ সোমেশ্বরী নদী ও এর শাখা দাঁড়িয়া খালের সেচের পানির উপর নির্ভরশীল। কিন্তু মূল নদী সোমেশ্বরীর উজানে ৩টি স্থানে বাঁধের ফলে এই এলাকার চাষিরা ইতিমধ্যেই সেচ সঙ্কটে পড়তে শুরু করেছে। তিনি জানান, কেবল দাঁড়িয়া খাল থেকে এই এলাকার চাষিরা ৭'শ হেক্টর বোরো জমিতে সেচের পানি যোগান দেয়। তারা খালের পানি দিয়ে এ মৌসুমে বোরো চারা রোপনের কাজ প্রায় শেষ করেছে। কিন্তু ইতিমধ্যেই খাল পানিশুন্য হয়ে পড়েছে। নদীর উজানে ৩টি স্থানের বাঁধ দেয়ায় ভাটিতে পানি আসছে না। ফলে বোরো জমিতে প্রয়োজনের সময় সেচ নিয়ে চাষিরা চিন্তায় পড়েছেন। তিনি জানান, একমাত্র বোরো আবাদের উপরই এসব এলাকার চাষিরা নির্ভরশীল। বর্ষা মৌসুমে এসব এলাকায় দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে অন্য কোন আবাদ করা তাদের সম্ভব হয় না। বাঁধ অপসারণ করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য তারা ইতিমধ্যেই উপজেলা পর্যায়ে সমস্যা ও শঙ্কার কথা জানিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করছে না বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল আলম নদীর উজানে বাঁধ দেওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বাঁধ অপসারণের চেষ্টা করছেন। পুলিশসহ গিয়ে বাঁধ কেটে দিয়ে এলেও পরবর্তীতে ওই এলাকার লোকজন নিজেদের স্বার্থে আবার বাঁধ দেয়। এর ফলে নদীতে পানি প্রবাহ কমে গেছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সোমেশ্বরী নদীতে নতুন করে রাবার বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১২ ঘ.