২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অপবাদ দেওয়ায় কিশোরীর আত্মহত্যা'

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় অপবাদ সইতে না পেরে মঙ্গলবার এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

গোপালগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় অপবাদ সইতে না পেরে মঙ্গলবার এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঘমারা গ্রামের মিতু বাড়ৈ (১৪) শশিকর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। মিতুর বাবা স্বপন বাড়ৈ শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে তিনি মেয়েকে নিয়ে তার বন্ধু আমিরের (৫২) বাসায় দাওয়াত খেতে যান। আমির গোপালগঞ্জের কোটালীপাড়ার পিড়ারবাড়ী বাজারের কাঠ ব্যবসায়ী। খাওয়ার পর বিকালে সাদুল্যাপুর ইউপি সদস্য মিন্টু বৈদ্য, স্থানীয় প্রকাশ বালা, নিতিশ বালা, কোমদ বালা এসে আমিরের সঙ্গে জড়িয়ে মিতুর নামে অশ্লীল মন্তব্য করে। আমিরকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। মিন্টু বৈদ্যসহ অন্যরা তাৎক্ষণিক সালিশ বসিয়ে আমিরের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করে। স্বপন বাড়ৈ আরো বলেন, এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে মিতু বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। এ ব্যাপারে আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটিকে যৌন হয়রানি করার অভিযোগে তারা আমার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এদিকে বাজার কমিটির সভাপতি ধীরেন মল্লিক বলেন, ভাঙ্গার হাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের ওসি ইদ্রিস আলীকে দেওয়ার কথা বলে তারা আরো ২০ হাজার টাকা আদায় করে। ইউপি সদস্য মিন্টু বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমির মেয়েটিকে যৌন হয়রানী করছিল। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশকে দেওয়ার জন্য টাকা নেওয়া কথা তার জানা নেই বলে জানান। ভাঙ্গার হাট পুলিশ ক্যাম্পের ওসি ইদ্রিস আলী এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৩ ঘ.