রাজশাহী, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে অন্তত ১৫ বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল কাদের নামের একজনকে (২৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুলাগাছি ইউনিয়নের শাহ্পাড়া এলাকার নৈমুদ্দিনের ছেলে।
আব্দুল কাদের সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী খানপুর সীমান্ত দিয়ে ভারতের কাতলামারীতে গরু আনতে যায়। ফেরার পথে ভারতের বাওপাড়া সীমান্ত এলাকায় বিএসএসফ তাদের ধাওয়া করে এবং ১৫ জনকে বেধড়ক প্রহার করে। তাদের সবারই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
এদিকে বিএসএফ দুইজনকে মেরে ফেলেছে বলে স্থানীয়রা দাবি করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও মতিহার থানা পুলিশ এ ব্যাপারে কিছু জানেনা বলে জানিয়েছে।
স্থানীয় চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলী সাংবাদিকদের জানান, বিএসএফ গাড়ি চাপা দিয়ে দুই গরু ব্যবসায়ীকে হত্যা করেছে বলে তিনি শুনেছেন। তাদের লাশ সীমান্তের ওপারেই রয়েছে।
স্থানীয় হরিয়ান ইউপি সদস্য আবু আলম নির্যাতনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে বলেছেন, "নিহত হওয়ার খবর জানেন না।"
এ বিষয়ে পুলিশের কাছে কোন খবর নেই এবং কোন অভিযোগ আসেনি বলে জানান রাজশাহীর মতিহার থানার ওসি আবুল খায়ের।
বিজিবি'র রাজশাহী ৩৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল জাহিদ হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি সাংবাদিকদের মুখে মুখে এমন তথ্য জেনেছেন। বিজিবি'র স্থানীয় বিওপি এব্যাপারে কোন তথ্য জানায় নি।"
তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ১৬৫৭ ঘ.
bdnews24