মাদারীপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ঘোষেরহাট বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বাজারে শাজাহান মিয়ার স'মিলে প্রথমে আগুন লাগে। দ্রুত আগুন একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে।"
মাদারীপুর, বরিশাল ও গৌরনদী থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে এলাকাবাসীর সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছেন।
তারা অভিযোগ করেন, আগুন নেভানোর চেষ্টার নামে একটি পক্ষ মালামাল লুট করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩৮ ঘ.
bdnews24