ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। তবে বরিশাল ও পাবনায় কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাবনায় পুলিশ মানববন্ধনে বাধা দেয়। বরিশালে সরকার সমর্থক ছাত্রলীগকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংকের কর্মীরা। তবে শুক্রবার অন্য স্থানে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালনের খবর পাওয়া গেছে।
এ কর্মসূচি গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী শিক্ষার্থীদের উদ্যোগে বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন। তবে এতে ব্যাংকের কর্মীদেরও অংশ নিতে দেখা গেছে।
পদে থাকার নির্ধারিত বয়সসীমা ছাড়িয়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেও হেরে যান ইউনূস। তবে তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন তিনি।
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, ইউনূস আগেই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, 'সম্মানজনক' বিদায়ের পথ তিনি গ্রহণ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বরিশাল প্রতিনিধি জানান, সকাল ১০টায় প্রথমে ব্রজমোহন (বিএম) কলেজের সামনে মানববন্ধন শুরু করেন গ্রামীণ ব্যাংকের কর্মী, আমানতকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ কয়েকশ লোক।
কিন্তু কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে তারা সিঅ্যান্ডবি রোডে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি পালন করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
কর্মসূচি পালনকারীরা বলেন, তারা সকালে বিএম কলেজের মসজিদ গেটের বাইরে জিরো পয়েন্টে দাঁড়ালে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারের নেতৃত্বে ছাত্রলীগকর্মী তাদের ধাওয়া এবং কয়েকজনকে লাঞ্ছিত করে।
ঘটনার সময় উপস্থিতি থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে গ্রামীণকর্মীদের অভিযোগ। তবে ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার পুলিশের উপস্থিতিতে লাঞ্ছিত করার অভিযোগ নাকচ করেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মঈন তুষার বলেন, "মানববন্ধনকারীরা কলেজ প্রশাসনের কোনো অনুমতি নেয়নি। তাই ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের অন্য স্থানে কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয়।"
লাঞ্ছিত করার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
পাবনা প্রতিনিধি জানান, সকালে জেলা শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করতে জড়ো হয় গ্রামীণ ব্যাংকের কর্মীরা। তবে পুলিশের বাধায় সেখানে কর্মসূচি পালন করতে পারেনি তারা।
পরে গ্রামীণ ব্যাংকের পাবনার আঞ্চলিক কার্যালয়ের সামনে নগরবাড়ী সড়কের পাশে মহিষের ডিপো এলাকায় মানববন্ধন করে তারা।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সকালে শহরের সবুজবাগে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে গ্রামীণ ব্যাংকের কর্মী, আমানতকারী, ব্যাংকের শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, সরকার ইউনূসকে হেয় করছে। তারা 'সম্মানজনকভাবে' ইউনূসের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চালানোর দাবি জানান।
শিক্ষা ঋণপ্রাপ্ত বাসুদেব চন্দ্র শীল সাংবাদিকদের বলেন, "গ্রামীণ ব্যাংকের ঋণ পেয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি। অপসারণের পরিবর্তে আমরা ড. ইউনূসের সম্মানজনক বিদায় এর দাবি জানাচ্ছি"।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১০টায় জেলা শহরের ঈশাখাঁ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী কয়েকশ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেয়।
শিক্ষাঋণ নেওয়া পিংকী রাণী দাস সাংবাদিকদের বলেন, "গ্রামীণ ব্যাংক থেকে ৭৭ হাজার টাকা ঋণ নিয়ে আমি নেওয়াজ খান কলেজে অনার্স পড়ছি। আমার মতো অনেকেই আছেন। ঠিক এ সময়ে সরকারের এ ধরনের সিদ্ধান্তের কারণে সমস্ত দেশবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে গ্রামীণ ব্যাংক বাগেরহাট এরিয়া অফিসের আওতাধীন নয়টি শাখার শিক্ষা ঋণপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।
গ্রামীণ ব্যাংকের বাগেরহাট কার্যালয়ের ব্যবস্থাপক মোমিনুল হক সাংবাদিকদের বলেন, শিক্ষাবৃত্তি ও ঋণপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে। এর সঙ্গে গ্রামীণ ব্যাংকের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই।"
জামালপুর প্রতিনিধি জানান, সকালে শহরের দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামীণ ব্যাংকের সদস্য, কর্মী ও ব্যাংকটির বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
নীলফামারী প্রতিনিধি জানান, শহরের স্থানীয় স্মৃতি অম্লান চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি দেয়।
মাগুরা, জামালপুর, খাগড়াছড়িসহ আরো কয়েকটি জেলা থেকেও একই কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫১০ ঘ.
bdnews24