চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী ছুরিকাহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যলয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগের রিয়েল ও রাকিব-সাকিব গ্র"প নামে পরিচিত দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত দুজন হলেন- মেরিন সায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহরাজ হোসেন এবং পদার্থবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র মুজিবুর রহমান। তারা দুজনই রিয়েল গ্র"পের কর্মী।
আহত মুজিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মেহরাজকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর রাতে হাটহাজারী থানা পুলিশের একটি দল শহীদ আবদুর রব হলে তল্লাশি চালায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন 'সিএফসি' ও 'ভিএক্স' এর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দুইজন ছুরিকাহত হন।"
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারাই সংগঠন দুটির নিয়ন্ত্রণ করেন।
এএসপি বাবুল জানান, "হামলাকারীদের ধরতে আবদুর রব হলে তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার বা কিছু উদ্ধার করা যায়নি।"
এর আগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চত্বরে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা করে। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এর জের ধরেই বৃহস্পতিবার রাতের ঘটনা ঘটে বলে শিক্ষার্থীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/০১৩৪ ঘ.
bdnews24