ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অবিলম্বে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ছেড়ে না দিলে খবর আছে' এই হুমকি দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কার্যালয়ে আসা একটি চিঠি খুলে বৃহস্পতিবার বিকালে এই হুমকির কথা তিনি জানতে পারেন।
মাহবুবে আলম বলেন, "ওই চিঠিতে বলা হয়েছে, 'যুদ্ধাপরাধ মামলা নিয়ে টালবাহানা ছেড়ে না দিলে এবং অবিলম্বে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে মাফ চেয়ে তাকে মুক্তি না দিলে আপনার খবর আছে।"
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হুমকির পর অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে কারাগারে আটক আছেন।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়।
মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এইচএ/০০২৫ ঘ.
bdnews24