২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসের ওপর হামলা ১৭ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা ঘটনায় সেনা আইনে পাঁচ সেনা সদস্যের শাস্তি হলেও ১৭ মাসেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা ঘটনায় সেনা আইনে পাঁচ সেনা সদস্যের শাস্তি হলেও ১৭ মাসেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ছিলো এ মামলার প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ। তবে সপ্তমবারের মতো তা দিতে ব্যর্থ হয়েছেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আকবর হোসেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এজেএম আল মাসুদ ২৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য তারিখ দিয়েছেন। মামলার এক আসামি শেখ শফিউল্লাহ শফুর আইনজীবী মো. মাহমুদ হাসান শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে এ মামলায় সপ্তমবারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পার হয়ে গেছে। এবারও প্রতিবেদন জমা পড়েনি। মামলার নথি থেকে জানা যায়, এ মামলায় এ পর্যন্ত ৬ আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এরপরও প্রতিবেদন জমা না দেওয়ায় উচ্চ আদালত হতে একে একে জামিন পেয়ে যাচ্ছেন আসামিরা। ২০০৯ সালের ২১ অক্টোবর ব্যারিস্টার তাপসের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই তিনি মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এর তদন্ত শুরু করেন মতিঝিল থানার তৎকালীন ওসি আরজু মিয়া। পরে চাঞ্চল্যকর বিবেচনায় মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। গ্রেপ্তারকৃতদের প্রায় সবাই জামিনে মামলা দায়েরের পর পরই জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রশিদের মেয়ে মেহনাজ রশিদকে। তাকে তিন দফায় ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে গত বছরের ২ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। একইভাবে গত বছরের ১৯ এপ্রিল জামিন নিয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মহিউদ্দিনের দুই ছেলে নাজমুল হাসান সোহেল ও মাহবুবুল হাসান ইমরান। তাদের দুই দফায় ছয় দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো। এছাড়া কামরুল হক স্বপন ও আব্দুর রহিম নামে দুই আসামির মধ্যে স্বপন গত বছরের ১ অগাস্ট হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। অন্যদিকে, বোমা হামলার আগে ও পরে মোবাইলে এসএমএস এর মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া সোহেল রানাও গত বছরের ৩০ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান। গত বছরের ৪ নভেম্বর তাপস হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে মেজর হেলাল, ক্যাপ্টেন রেজাউল করিম, ক্যাপ্টেন রাজিব, ক্যাপ্টেন ফুয়াদ ও ক্যাপ্টেন সুবায়েল ইবনে রফিককে সেনা আইনে (কোর্ট মার্শাল) পাঁচ বছর করে শাস্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/২২৩৪ ঘ.