রাজশাহী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় তালাকপ্রাপ্ত স্বামী ও তার সহযোগীদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছে শিরিন আক্তার (২০) নামের এক তরুণী।
বুধবার রাতে উপজেলার গোপালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিরিনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিরিনের তালাকপ্রাপ্ত স্বামী শামীম রেজা ও তার সহযোগী পুঠিয়ার কাশিয়াপুকুর গ্রামের শামসুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বাগমারা থানার ওসি হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালে উপজেলার গোপালপাড়া গ্রামের হাছেন আলীর মেয়ে শিরিনের সাথে দুর্গাপুর উপজেলার একই এলাকার শামীম রেজার বিয়ে হয়। শিরিন গত ছয় মাস আগে শামীমকে তালাক দেয়। এরপর থেকেই সে বাবার বাড়িতে ছিল।
বুধবার রাত ৮টার দিকে শামীম ও তার দুই সহযোগী মোটর সাইকেল নিয়ে বাড়িতে এসে শিরিনের দিকে এসিড ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিরিন ও তার মায়ের চিৎকারে এলাকাবাসী মোটর সাইকেলসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। শামীমের আরেক সহযোগী মামুন পালিয়ে যায় বলে ওসি হারুন-অর-রশীদ জানান।
শিরিনের ভাই নুরুল ইসলাম জানান, এসিডে শিরিনের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুরুল ইসলাম অভিযোগ করেন, বিয়ের পর শামীম কারণে-অকারণে শিরিনকে নির্যাতন করতো। এ কারণে ছয় মাস আগে শিরিন তাকে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শামীম তাকে এসিড মেরেছে।
এ ব্যাপারে বাগমারা থানায় একটি মামলা হয়েছে।
ওসি হারুন জানান, আটক দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/২১১৬ ঘ.
bdnews24