সুনামগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাইয়ে শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী 'শাহ্ আব্দুল করিম লোক উৎসব-২০১১'।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের মাঠে উৎসবের উদ্বোধন করবেন কবি ও সাংস্কৃতিক কর্মী শুভেন্দু ইমাম ও শাহ্ আব্দুল করিমের নাতি শাহ নূর আলম ঝলক।
শাহ আব্দুল করিম লোক উৎসবের চেয়ারম্যান ও বাউল সম্রাটের ছেলে শাহ্ নূর জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। এছাড়া দুপুর থেকে ভোর রাত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা বাউল গান পরিবেশন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০০৫ ঘ.
bdnews24