২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাকা চৌধুরীর ৭০ সমর্থক গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনা করার অভিযোগে চট্টগ্রামে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৭০ জন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার পরিকল্পনা করার অভিযোগে চট্টগ্রামে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৭০ জন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর আলমাস সিনেমা সংলগ্ন গুলশান কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা সবাই রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সমর্থক। যুদ্ধাপারাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের বর্তমানে কারাগারে রয়েছেন। সহকারী পুলিশ কমিশনার (কতোয়ালী জোন) জেদান আল মুসা বলেন, "যুদ্ধাপরাধের বিচার সামনে রেখে গ্রেপ্তারকৃতরা নগরীতে নাশকতা সৃষ্টি এবং সরকারকে বেকায়দায় ফেলার পরিকল্পনা করতে ওই কমিউনিটি সেন্টারে বৈঠকে বসেছিল বলে আমাদের কাছে খবর আছে।" ওসি আবুল কালাম আজাদ বলেন, "গোপন বৈঠক করার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।" এর আগে গত মঙ্গলবার নগরীর আন্দরকিল্লা মোড় এলাকা থেকে সাকা চৌধুরীর মুক্তি দাবি সম্বলিত ১৬০০ পোস্টার ও স্টিকারসহ মাহমুদুল হাসান নিজামী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৯৪৮ ঘ.