কুড়িগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীর প্রতীক তারামন বিবি এখন গুরুতর অসুস্থ। শ্বাসকষ্ট ও কাশির কারণে শয্যাশায়ী। আর্থিক সঙ্কটে ঠিকমতো চিকিৎসাও হচ্ছে না এই মুক্তিযোদ্ধার।
গত বছরের জুলাই মাসেও তিনি একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন।
চিকিৎসা সহায়তা চেয়ে দেড়মাস আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলে জানান পঞ্চাশোর্ধ্ব এই মুক্তিযোদ্ধা।
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের বাড়িতেই এখন অবস্থান করছেন তিনি।
বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরো কিছুদিন বাঁচতে চাই। যুদ্ধাপরাধীদের ক্ষমা নেই। বাংলার মাটিতে তাদের বিচার দেখতে চাই। এটাই শেষ ইচ্ছা।
"৭১-এ অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, ছদ্মবেশে পাক বাহিনীর তথ্য সংগ্রহ করেছি, কখনো মৃত্যুভয় টলাতে পারেনি। এখনো ভয় পাই না।
তিনি যুদ্ধাপরাধীদের বিচার তাড়াতাড়ি করার আহ্বান জানান সরকারের প্রতি।
উপজেলার শঙ্করমাধবপুর গ্রামের তারামন বিবি '৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 'বীরপ্রতিক' খেতাব পান।
দীর্ঘদিন সে ইতিহাস অজানা থাকার পর নব্বইয়ের দশকে দেশের মানুষ তার কথা জানতে পারে।
তারামন বিবি বলেন, "শ্বাসকষ্টের কারণে নিশ্বাস নিতে খুব কষ্ট হয়। ডাক্তার বলেছে, একটি অক্সিজেন নেওয়ার যন্ত্র (নেবুলাইজার) কিনতে। কিন্তু সে সামর্থ্য আমার নেই।"
তিনি জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে প্রতিমাসে পাঁচ হাজার ৭৬০ টাকা ভাতা এবং পুলিশ বিভাগ থেকে প্রতিমাসে তিনজনের রেশন পান। এই দিয়ে চলছে তার টানাটানির সংসার।
তারামন বিবির শারীরিক অবস্থা নিয়ে কথা হয় তার চিকিৎসক আমিনুল ইসলামের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর পর দু'দফা যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় তারামন বিবির ফুসফুসের অবস্থা নাজুক। এছাড়া শ্বাসকষ্ট, অস্বাভাবিক কাশি ও শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় ভুগছেন তিনি।
আর্থিক সঙ্কটের কারণে অনেক সময় তার নিয়মিত ঔষধ, ভাল খাবার ও পথ্য জোটে না। শরীর দুর্বল হওয়ার এটাও একটা কারণ বলে জানান তার চিকিৎসক।
২০০৯ সালে জেলা সদরে প্রায় এক বিঘা জমির উপর টিনসেড বাড়ি তৈরি করে দেয় সরকার। এছাড়া তার কয়েক বিঘা আবাদী জমিও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24