কামাল হোসেন তালুকদার
ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বেড়াতে এসে লাশ হতে হলো ১৫ বছরের নয়নকে।
ঢাকার কদমতলীর সোনারগাঁও ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রেস কারখানায় বৃহস্পতিবার ভোর রাতে আগুন লেগে যে আট জনের মৃত্যু হয়েছে, নয়ন তাদেরই একজন। সে ওই কারখানার শ্রমিক ফেরদৌসের শ্যালক।
শনিবার কিশোরগঞ্জের হোসেনপুরের সলিহার গ্রাম থেকে ঢাকায় বোন ইয়াসমিনের বাসায় বেড়াতে আসে নয়ন। ভগ্নিপতি ফেরদৌসের সঙ্গে প্রায়ই সোনারগাঁও ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রেসের কারখানায় যেতো সে। ফলে কারখানার অন্য শ্রমিকদের সঙ্গেও তার সখ্যতা গড়ে ওঠে।
ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার সবাই নয়নকে বেয়াই বলে ডাকতো। মাঝেমধ্যেই কারখানায় সময় কাটাতো সে।"
ওই কারখানার কর্মী আসমাউলের সঙ্গেই বেশি সখ্যতা হয়েছিল নয়নের। বুধবার রাতে বাসায় না ফিরে আসমাউলের সঙ্গে কারখানার চারতলার ওপরে শ্রমিকদের থাকার জায়গায় ঘুমায় সে। ভোররাতের আগুনে আসমাউলও মারা যায়।
ফেরদৌস জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে নয়ন ছিল দ্বিতীয়। গ্রামের বাড়িতে কৃষিকাজ করতো সে। তার বাবার নাম মো. সিদ্দিক।
কদমতলী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় শ্যামপুর শিল্পাঞ্চলের সোনারগাঁও ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রেস লিমিটেডে আগুন লাগে। দমকল কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা জেলা প্রাশাসনের হাকিম মুহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, লাশ দাফনের জন্য নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা দিয়েছে জেলা প্রশাসন।
ফেরদৌস বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়নের লাশ নিয়ে তিনি কিশোরগঞ্জ যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮৫৮ ঘ.
bdnews24