ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিট আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিলের শুনানি ২১ মার্চ পর্যন্ত মুলতবি হয়েছে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার শুনানির পর নতুন তারিখ ঠিক করেন। এদিন শুনানি করেন আপিল আবেদনকারীর কৌঁসুলি এমআই ফারুকী।
সংসদে পাস হওয়ার পর ১৯৯৬ সালের ২৮ মার্চ রাষ্ট্রপতি ত্রয়োদশ সংশোধনীতে অনুমোদন দেন।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৪ সালে হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রিট আবেদনকারী পক্ষ।
গত ১ মার্চ আপিল বিভাগে আবেদনের শুনানি শুরু হয়।
সর্বোচ্চ আদালত এর আগে সংবিধানে পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়। এর আলোকে সংবিধান পুনর্মুদ্রণের কাজ চলছে।
রিট আবেদনকারী সলিম উল্লাহ মারা যাওয়ায় বর্তমানে মো. আব্দুল মান্নান খান ওই রিটের বাদি হিসাবে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১১১ ঘ.
bdnews24