২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতার উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনতাইয়ের চেষ্টা

আওয়ামী লীগের এক নেতার উপস্থিতিতে বগুড়া জেলা পরিষদের দুই কোটি টাকার কাজের দরপত্র ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। স্থগিত হয়েছে ঠিকাদার নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

বগুড়া, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের এক নেতার উপস্থিতিতে বগুড়া জেলা পরিষদের দুই কোটি টাকার কাজের দরপত্র ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। স্থগিত হয়েছে ঠিকাদার নির্বাচন। দুই কোটি তিন লাখ টাকার কাজে দরপত্রে একই মূল্য জমা পড়ায় লটারি করে কাজ বিতরণের সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার দরপত্র লটারির আগ মুহূর্তে শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রায় শখানেক লোক নিয়ে এসে সমঝোতার মাধ্যমে কাজ দেওয়ার দাবি জানান। এতে জেলা পরিষদ রাজি না হলে মান্নানের লোকজন দরপত্র বাক্স ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। পরে পুলিশ তাদের হটিয়ে দেয় এবং লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, পাঠাগার এবং গ্রামীণ সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্পে জেলা পরিষদ গত ফেব্র"য়ারি মাসে ৬২ গ্র"পে ২ কোটি ৩০ লাখ টাকার দরপত্র আহ্বান করে। ৩ মার্চ দরপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রতি গ্র"পে ১০ থেকে ৮৬টি দরপত্র জমা পড়ে। দরপত্রের শর্ত অনুযায়ি আজ বুধবার সমদরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচনের তারিখ নির্ধারণ করা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, শান্তিপূর্ণ পরিবেশে লটারি প্রক্রিয়া শেষ করতে জেলা পরিষদ কর্তৃপক্ষ সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করে। বেলা সাড়ে ১২টার দিকে সাধারণ ঠিকাদারদের উপস্থিতিতে লটারি প্রক্রিয়া শুরু হয়। তিনি জানান, এ সময় আব্দুল মান্নানসহ দলীয় কয়েকজন ঠিকাদার সমঝোতা প্রক্রিয়ার মাধ্যমে কাজ বণ্টনের উদ্দেশ্যে জেলা পরিষদের কর্মকর্তাদের লটারি বন্ধ করতে বলেন। কর্মকর্তারা এতে রাজি না হয়ে লটারির উদ্যোগ নিলে দরপত্র বাক্সটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের হটিয়ে দেন। পরে সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা পরিষদ সমঝোতায় রাজি না হওয়ায় আব্দুল মান্নানের নেতৃত্বে একদল লোক দরপত্র বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হঠিয়ে দেয়। বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মলয় কুমার রায় সাংবাদিকদের জানান, বিশৃঙ্খলার কারণে দরপত্র প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আব্দুল মান্নান দাবি করেন, দরপত্র বাক্স ছিনতাই বা সমঝোতার কারণে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। বরং জেলা পরিষদের কর্মকর্তারা একই কাজকে নানা গ্র"পে বিভক্ত করার কারণে ঠিকাদাররা ক্ষিপ্ত ছিলো। আজ লটারির আগমুহূর্তে সেই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কর্মকর্তারা বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ কারণেই সেখানে হট্টগোল হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০০ ঘ.