সাভার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আট দিনে পাঁচটি লাশ উদ্ধার হলো।
বুধবার সন্ধ্যায় সাভার আমিনবাজারের বড়দেশী এলাকার খাল থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় স্থানীয়রা আমিনবাজারের বড়দেশী এলাকার খালের মধ্যে একটি গলিত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত (৩০) যুবকের লাশটি উদ্ধার করে।
"লাশের পরনে প্যান্ট ও শার্ট ছিল। প্রায় ২০/২৫ দিন আগে কোনো দুষ্কৃতকারীরা হত্যার পর লাশটি ওই খালের মধ্যে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।"
গত ৭ মার্চ সকালে সাভারের ব্যাংক টাউন এলাকার পশ্চিম পাশের একটি পরিত্যক্ত জমি থেকে বালু ব্যবসায়ী আতিকুর রহমান (২৮), ৫ মার্চ চিত্রশাইল এলাকার একটি বাড়ি থেকে শিবলী আক্তার (২০) নামে এক যুবকের অগ্নিদগ্ধ লাশ, ৪ মার্চ পাড়াগ্রাম এলাকার সাদুপাড়া মহল্লার লেকের পাড়ে ড্রেন থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদার রাশেদ মিলন ওরফে কাশেমের (২৭) জবাই করা লাশ এবং ২ মার্চ চানগাঁও এলাকার রাস্তার পাশ থেকে তানিয়া আক্তার (২৪) নামে এক তরুণীর লাশ এবং উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০১ ঘ.
bdnews24