বাগেরহাট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের পাশাপাশি দুটি স্থানে এলাকায় আগুন লেগেছে।
ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের ২৫ নম্বর ব্লকের নাপিতখালী ও পচাকুড়ালিয়ার বনে মঙ্গলবার বিকালে এই আগুন লাগে।
বুধবার দুপুর ১২ টার দিকে দমকল ও বনকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছে। তারা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে গত ১ মার্চ ওই ক্যাম্প এলাকার আরেকটি স্থানে আগুন লাগে। দুদিন চেষ্টা চালিয়ে তা নেভানো হয়।
বন বিভাগের কর্মকর্তারা আগুন লাগার এ ঘটনাকে 'অস্বাভাবিক' ও 'নাশকতামূলক' বলে সন্দেহ করছেন। তারা আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি।
আগুন লাগার এই ঘটনা তদন্তে সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) খলিলুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন ও ধানসাগর স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরবনের নাংলি ক্যাম্পের পাশাপাশি দুটি এলাকা নাপিতখালী ও পচাকুড়ালিয়ার জঙ্গলে মঙ্গলবার বিকেলে আগুন লাগে।
তিনি বলেন, "দমকল বাহিনীর মোরেলগঞ্জ ইউনিটের কর্মীদের সহযোগিতায় অর্ধ শতাধিক বনকর্মী স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর জন্য বেশকিছু সরঞ্জাম খুলনা থেকে আনা হয়েছে।"
তিনি জানান, বনের ভেতরে কূপ খুঁড়ে পানি সংগ্রহের চেষ্টা ব্যর্থ হওয়ায় ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে আড়ুয়ার বেড় খাল থেকে পানি আনতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/২১৩৬ ঘ.
bdnews24