২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলা চ্যানেল' পাড়ি দিলেন মুসা ইব্রাহীম

এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম 'বাংলা চ্যানেল' পাড়ি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

কক্সবাজার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম 'বাংলা চ্যানেল' পাড়ি দিয়েছেন। বুধবার কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৪ কিলোমিটার 'বাংলা চ্যানেল' সমুদ্র পথ সাঁতার কেটে পাড়ি দিতে তিনি ছয় ঘণ্টা সময় নিয়েছেন বলে জানান টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রণজিত কুমার বড়ুয়া। দেশের অন্যতম সাঁতারু লিপটন সরকারের নেতৃত্বে 'বাংলা চ্যানেল সাঁতার ২০১১' নামের এই অভিযানে মুসা ইব্রাহীমের সঙ্গে আরো ছিলেন মিজানুর রহমান সিনহা ও লিংকন। রণজিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১২টায় মূসা শাহপরীর দ্বীপ এলাকায় বদর মোকাম পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন এবং বিকাল ৫টা ৪৫ মিনিটে সেন্টমার্টিনের জেটি ঘাট উপকূলে পৌঁছেন। মুসার ১০ মিনিট আগে ৫টা ৩৫ মিনিটে সেন্টমার্টিন পৌছান লিপটন। যাত্রা শুরুর দুই ঘণ্টার মাথায় মিজানুর রহমান অসুস্থ হয়ে গেলে স্পিডবোটে তাকে তুলে নেন উদ্ধারকারীরা। 'বাংলা চ্যানেল সাঁতার ২০১১' আয়োজন করে নর্থ অ্যালপাইন ক্লাব বাংলাদেশ, এক্সট্রিম বাংলা এবং আয়োজনের সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনী। উদ্যোক্তাদের একজন কাজী হামিদুল হক সাংবাদিকদের জানান, লিপটন সরকার এর আগে পাঁচবার 'বাংলা চ্যানেল' পাড়ি দিয়েছেন। তিনি এই পথে অভিজ্ঞ। মুসা ইব্রাহীম এবারই প্রথম এই সাঁতারে অংশ নিয়েছেন। যাত্রাপথে সাঁতারুদের পাশে সবসময় একটি উদ্ধারকারী জাহাজ ছিলো। নৌকায় বাংলাদেশ নৌবাহিনীর দু'জন ডুবুরি ও একটি চিকিৎসক দলও ছিলেন বলে জানান তিনি। বাংলাদেশের মূল স্থলভাগের শেষ অংশ কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত বঙ্গোপসাগরের প্রায় সাড়ে ১৪ কিলোমিটার সমুদ্রপথ 'বাংলা চ্যানেল' নামে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/পিডি/২১৩৬ ঘ.