ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এখন খাদ্যশস্যের দাম কম আছে।
যারা বেশি মুনাফার আশায় খাদ্যশস্য মজুদ করে সাধারণ জনগণকে কষ্ট দিচ্ছে সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "আমরা মজুদ বিরোধী আইন পুনঃপ্রবর্তন করতে যাচ্ছি। এই আইনকে আরো যুগোপযোগী করে কার্যকর করা হবে।"
জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সাংসদ অপু উকিলের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।
কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "আমাদের লক্ষ্য গ্রামের মানুষ আর্থিকভাবে স্বচ্ছল হোক। আমরা চাই গ্রামের মানুষ গ্রামে থেকেই কর্মসংস্থানের ব্যবস্থা হোক।"
প্রধানমন্ত্রী আরো বলেন, "শহরের অতি দরিদ্র বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে 'ঘরে ফেরা' কর্মসূচির মাধ্যমে। আমরা চাষাবাদযোগ্য প্রতিটি ইঞ্চি চাষের আওতায় আনতে চাই।"
সরকারদলীয় সাংসদ আব্দুল মান্নানের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে বলেই খাদ্যের জন্য খরচ বাড়ছে। মানুষের খাদ্য গ্রহণের পরিমাণ বাড়ছে।"
শেখ হাসিনা বলেন, খাদ্যশস্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় এখন পর্যন্ত সরকার অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পর্যাপ্ত খাদ্যশস্য সংগ্রহের ব্যবস্থা নিয়েছে। প্রতিকূল বিশ্ব পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে দরপত্রের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম কঠিন হওয়ায় সরকার থেকে সরকার পর্যায়ে খাদ্যশস্য সংগ্রহের কার্যক্রম জোরদার করা হয়েছে।
"ভিয়েতনাম থেকে সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল কেনার জন্য সরকার থেকে সরকার পর্যায়ে চুক্তি সম্পাদন হয়েছে। ইতিমধ্যে, এ সব চালানের এক লাখ ৮৫ হাজার চার'শ মেট্রিক টন চাল দেশে এসে পৌছেছে। থাইল্যান্ড থেকে দু'লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে।"
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫ দশমিক ৯ লাখ মেট্রিক টন চাল এবং সাত দশমিক ৩ লাখ মেট্রিক টন গম কেনার চুক্তি সম্পাদিত হয়েছে।
কৃষিপণ্য সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির সুবিধায় ঢাকার গাবতলীর মতো আরো তিনটি অত্যাধুনিক কেন্দ্রীয় বাজার নির্মাণ করা হবে বলে শেখ হাসিনা সংসদে জানান।
ই টেন্ডারিং চালু হবে
পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলাম সুজনের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আইএমডি'র অধীনে কার্যরত central procurement technical unit-এর তত্ত্বাবধানে ই-টেন্ডারিং ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। অতি শিগগির সীমিত আকারে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার বিভাগের টেন্ডারিংয়ের ক্ষেত্রে এই ই- টেন্ডারিংয়ের ব্যবহার শুরু হবে।
একই প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরো বলেন, গত ২১ মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় লাখ থেকে ৬৬ লাখে ইন্নীত হয়েছে।
তিনি আরো বলেন, অতি শিড়ড়ির কয়েকটি মন্ত্রণালয়ে পরীক্ষামূলকভাবে online letter & file tracking system শুরু হতে যাচ্ছে। এতে করে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে সহজেই যে কোনো চিঠি এবং নথির তাৎক্ষণিক অবস্থান জানা যায়।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার নির্বাচন কমিশনের। আমরা জানতে পেরেছি- সারাদেশে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের ১২টি জেলায় নির্বাচন তফসিল ঘোষণা করেছে। নির্বাচন সুষ্ঠূ, নিরপেক্ষ ও নির্দলীয় করার বিষয়টি নিশ্চিত করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপে ও নির্দলীয় করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ কররে সরকার সার্বিক সহযোগিতা করবে।"
সংরক্ষিত নারী আসনের সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ট্রান্স-এশিয়ান রেলওয়ে স্থাপনের লক্ষ্যে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম পর্যন্ত প্রায় ১২৮ কিলোমিটার নতুন রেলওয়ে লাইন নির্মাণের জন্য একটি প্রকল্প ২০১০ সালের ছয় জুলাই একনেক সভায় অনুমোদিত হয়েছে। ট্রান্স-এশিয়ান রুট-২ এর অংশ রোহনপুর-রাজশাহী সেকশনের অবস্থা খারাপ হওয়ায় সেকশনটির পুনর্বাসন কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৪৭ ঘ.
bdnews24