বরিশাল, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের অংশগ্রহনে নৌকাবাইচ হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার পয়সারহাট নদীতে এই বাইচ অনুষ্ঠিত হয়। নেসলে বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা 'তরঙ্গ' এই বাইচের আয়োজন করে।
প্রতিযোগীতায় ১৫০ জন নারী ১২ টি দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্ধিতায় অংশ নেয়।
দলগুলোর নামকরণ করা হয় বিভিন্ন ফুলের নামে।
তরঙ্গ-এর নির্বাহী কর্মকর্তা কোহিনুর ইয়াসমিন বলেন, "নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীরা ৫২'র ভাষা আন্দোলন, ৭১'র মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেও সমাজে অবহেলিত রয়েছেন।"
আমরা নারীরা আর পিছিয়ে থাকতে চাইনা, চাই সম অধিকার। এ অধিকার আদায়ের অংশ হিসেবে নারীদের সমন্বয়ে আমরাই প্রথম নারীদের নৌকাবাইচের আয়োজন করেছি।
নৌকাবাইচে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকারী জুঁই দলের দলনেত্রী ফুলমালা রায় বলেন, "সমঅধিকার আদায়ের লক্ষে পুরুষের পাশাপাশি আমরা আগামীর পথে এগিয়ে চলেছি।
পয়সারহাট নদীর দু'তীরে হাজার-হাজার মানুষ এই বাইচ উপভোগ করেন।
বাইচ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর বিশ্বাস, ইংলান্ডের দাতা সংস্থার প্রতিনিধি সিনা দে, হল্যান্ডের দাতা সংস্থার প্রতিনিধি জন, নেসলে বাংলাদেশের প্রতিনিধি কৃষ্টিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২৭ ঘ.
bdnews24