২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক সপ্তাশ্চর্য: বাড়ি-বাড়ি গিয়ে সুন্দরবনের জন্য ভোট

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে মানুষের বাড়ি-বাড়ি গিয়ে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ কর্মসূচি চালু করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রাথমিকভাবে চার জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:14 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে মানুষের বাড়ি-বাড়ি গিয়ে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ কর্মসূচি চালু করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রাথমিকভাবে চার জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে 'সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটদান ও প্রচারের জন্য ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন' অনুষ্ঠানে এ কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের জন্য আমরা মানুষের দরজায় যাব। তিনি জানান, এ ভোট সংগ্রহ কর্মসূচি দেশব্যাপী চলবে। অনুষ্ঠানে পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ি উদ্বোধন করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনায় একটি করে গাড়ি ভোট সংগ্রহ করবে। পর্যায়ক্রমে দেশের সবগুলো বিভাগ এ কর্মসূচির আওতায় আসবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ ও সুন্দরবন প্রকল্পের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২২০১ ঘ.