২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নারী দিবস পালিত

সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার দাবি জানানোর মধ্যে দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:12 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার দাবি জানানোর মধ্যে দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসের প্রতিপাদ্য 'শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমান সুযোগ নিশ্চিত করবে নারীর কর্মসংস্থান ও উন্নয়ন'। দিবসটি উপলক্ষে বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ৬৪ নারী সংগঠনের প্রতিনিধি ও কর্মীদের অংশগ্রহণে সমাবেশ। এ ছাড়া সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, "ক্যাবিনেটে কথা হয়, আমরা এখনো পাঁচজন আছি। এখনো ফিফটি ফিফটি হয়নি। ইনশাল্লাহ এক সময় ফিফটি ফিফটি হবো।" "শুধু আইন প্রণয়ন করে শারীরিক ও মানসিক নির্যাতন থেকে নারীকে মুক্তি দেওয়া সম্ভব নয়। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।" বিকালে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, "নারীদের অধিকার আদায়ের সংগ্রাম দীর্ঘদিনের। তাদের অনেক দাবি আদায় হয়েছে। অন্য দাবি আদায়ের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে।" "সব ক্ষেত্রে নারীর সমঅধিকার ও সমান সুযোগ সৃষ্টি করার জন্য নারী-পুরুষকে একসঙ্গে কাজ করে যেতে হবে।" সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি সেলিনা মালেক বলেন, "আজকের সমাবেশ থেকে নারী পুরুষ সবাইকে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।" সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, কর্মজীবী নারী'র সভাপতি শিরিন আখতার ও নারী নেত্রী রোকেয়া কবীর প্রমুখ। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ঘরে বাইরে সব জায়গায় নারীর অধিকার নিশ্চিত করা, যুদ্ধাপরাধীদের বিচার করা, নারী নির্যাতন প্রতিরোধ আইনের যথাযথ বাস্তবায়ন করা, এসিড সন্ত্রাস ও যৌতুক প্রথা বন্ধ ইত্যাদি দাবি সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন বহন করে। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ধ্যায় সব নির্যাতিত নারীদের স্মরণে প্রজ্জ্বলন করা হয় মোমবাতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এএল/পিডি/২১৫৫ ঘ.