ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু বাংলাদেশির লিবিয়া ছাড়ায় অনিচ্ছার কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেছেন, এতেই বোঝা যায় দেশটি থেকে সবাইকে ফেরানোর প্রয়োজন নেই।
মঙ্গলবার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এক সংবাদ সম্মেলনে জানান, লিবিয়ায় কোরীয় প্রতিষ্ঠানে কর্মরত ১৪৬ বাংলাদেশি দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন।
"নিজেদের ইচ্ছানুযায়ীই বাংলাদেশি কর্মীরা দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে বলে আমাদের অবহিত করেছে ওই প্রতিষ্ঠান। এতেই বোঝা যায় উত্তর আফ্রিকার এই দেশ থেকে সবাইকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই।"
ক্রমশঃ লিবিয়া ছেড়ে যাওয়া বাংলাদেশির সংখ্যা কমছে দাবি করে সচিব বলেন, আজ দুপুর ২টা পর্যন্ত মাত্র ১০৬ বাংলাদেশি তিউনেসিয়া সীমান্ত অতিক্রম করেছেন।
মিজারুল কায়েস জানান, বর্তমানে ১৪ হাজার বাংলাদেশি তিউনেসিয়া সীমান্তে আটকে আছেন এবং সাত হাজার মিশর সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত ১৬ ফেব্র"য়ারি থেকে উত্তাল উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।
প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ হাজার হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে বেনগাজিতে রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি।
অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।
লিবিয়ায় অবস্থানকারী বিদেশিদের মধ্যে মিশরীয়দের পর বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ।
নিহত চারজনের লাশ আসতে পারে
পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস জানান, জাহাঙ্গীর আফরাদের মরদেহ বুধবার মিশর থেকে দেশে পৌঁছার কথা। এ ছাড়া জাহাজ থেকে লাফিয়ে পড়ে গ্রিসে মৃত্যুবরণকারী তিন বাংলাদেশির লাশও বুধবার পৌঁছতে পারে।
ওই তিন বাংলাদেশি হলেন- বরিশালের মোহন কামাল, সাভারের মোহাম্মদ শফিকুল আজম, গোপালগঞ্জের ফরিদ খলিফা।
"মরদেহ যে উড়োজাহাজে করে আনা হবে সেই একই ফ্লাইটে বাংলাদেশি আরো ২০২ জন ফিরবেন। তারা ফিরে এলে গ্রিসে লিবিয়া থেকে যাওয়া কোনো বাংলাদেশি থাকবে না," বলেন পররাষ্ট্রসচিব।
সেলিমের লাশ না আসার ব্যাখ্যা
এ দিকে, মঙ্গলবার সেলিম চৌধুরীর লাশ দেশে পৌঁছার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আসেনি। এ বিষয়ের একটি ব্যাখ্যা দিয়েছেন মিজারুল কায়েস।
তিনি বলেন, "মঙ্গলবার সকালেই ওই লাশ বাংলাদেশে পৌঁছার কথা ছিলো তবে স্থান সঙ্কুলান না হওয়ায় শেষ পর্যন্ত আনা সম্ভব হয়নি।"
মৃতদেহ দেশে পৌঁছার পর সংবাদ মাধ্যমকে তা অবহিত করা হবে বলেও জানান সচিব।
আরো সহায়তা দেবে ইইউ ও ইউএস
লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সরকারকে আরো সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান মিজারুল কায়েস।
তিনি বলেন, "আমি বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য কয়েকটি ভাড়া করা উড়োজাহাজ দেওয়ার অনুরোধ করেছিলাম। ইতালিয়ান এয়ারলাইন্স দুটি ফ্লাইটে ৫৬৪ বাংলাদেশিকে দুই দিনের মধ্যে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে।"
যুক্তরাষ্ট্র সরকারও বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) সাহায্য করছে, যোগ করেন সচিব।
তিনি জানান, মঙ্গলবার সাতটি ফ্লাইটে ১৭৮৬ জনের ফেরার কথা। আগামী ১৪ মার্চ পর্যন্ত আইওএম ২৪টি ফ্লাইট চালাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২০৩৪ ঘ.
bdnews24