ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ ও কুষ্টিয়ায় মঙ্গলবার সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হন ২০ জন।
এর মধ্যে সুনামগঞ্জে একজন নিহত, ১০ জন আহত এবং কুষ্টিয়ায় একজন নিহত ও ১০ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামে মঙ্গলবার বিকাল ৪টায় পূর্ব বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নিহত হন ওই গ্রামেরই গিয়াস উদ্দিনের (৩৫)।
আহতদের মধ্যে একই গ্রামের আসাদ উদ্দিন (৬৬), আরিফুর রহমান (৩৫), আজফর আলী (৬২) ও আজাদকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাদের পরিচয় জানা যায়নি।
জগন্নাথপুর থানার ওসি সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহারপাড়া গ্রামে রাজীউল ইসলাম ও মুমিনুর রহমানের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আধঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার কুমারখালী উপজেলার মধুয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু'দলের সংঘর্ষে নিহত হন শিমুল হোসাইন (২৭)।
আহতরা হলেন- মোহাম্মদ আলী, মুছাব মোল্লা, মুকুল হোসেন, সাচ্চু, তরুণ সরকার, জামাত আলী, সিরাজ শেখ, বাদশা, জামাল উদ্দীন ও মিরাজ উদ্দীন।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে মোহম্মদ আলী, সিরাজ, মুকুল ও জামালকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বাগুলাট ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহম্মদ আলী ও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছাব মোল্লার মধ্যে বিরোধ চলছিলো।
সকাল ৯টার দিকে দু'জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে শিমুল হোসাইনকে কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১২ ঘ.
bdnews24