২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ইউপি চেয়ারম্যানকে মারধর, সড়ক অবরোধ

উত্তরাধিকার সনদ না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে মারধর করেছে কয়েকজন তরুণ। এর প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকরা আড়াইঘণ্টা ঢাকা-পাবনা সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নাটোর, মার্চ, ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাধিকার সনদ না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে মারধর করেছে কয়েকজন তরুণ। এর প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকরা আড়াইঘণ্টা ঢাকা-পাবনা সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার সকালে ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক (৩২) ও শিক্ষার্থী সৈয়দ হোসেন (২০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ধানাইদহ গ্রামের টিটু (২৫), রেন্টু (২০), সুমন (১৮) ও সামির (১৭) নামের চার তরুণ উত্তরাধিকার সনদ নেওয়ার জন্য নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলীর কাছে আসে। সনদ দিতে অসম্মতি জানালে ওই তরুণরা ইউনিয়ন পরিষদ কার্যালয়েই তারা চেয়ারম্যানকে প্রচণ্ড মারধর করে। এরপর চেয়ারম্যানের লোকজন এই ঘটনার প্রতিবাদে ধানাইদহ বাজারে মিছিল করে এবং দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-পাবনা সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার আবারও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চেয়ারম্যানের সমর্থকরা। রেন্টু ও টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত ইউপি নির্বাচনে তারা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনি তাদের সনদ দেননি। এছাড়া চেয়ারম্যান তাদের সঙ্গে 'খারাপ ব্যবহার' করেছেন বলেও তারা দাবি করেন। তাই রাগান্বিত হয়ে কেউ চেয়ারম্যানকে ধাক্কাধাক্কি করতে পারে। তবে চেয়ারম্যানকে মারা হয়নি বলে বলে দাবি করেন তারা। এ ব্যাপারে নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশাদ আলী সাংবাদিকদের বলেন, "ওরা রাজনৈতিক প্রতিহিংসায় সুপরিকল্পিতভাবে আমাকে মেরেছে। আমি আইনের আশ্রয় নেবো।" বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে চেয়ারম্যান এখনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৪ ঘ.