ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ করবে জেনেভাভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্র"ভড নিউট্রিশন (গেইন)। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে নির্বাচিত কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে সংস্থাটি।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনের সঙ্গে দেখা করে সংস্থার প্রতিনিধিরা প্রকল্পের কথা জানায়।
মূলত শিশু অপুষ্টির হার কমানোর জন্য 'সরকারি-বেসরকারি অংশিদারীত্ব' বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে গেইন। তাদের কর্মব্যপ্তি বিশ্বের ২৫টি দেশ। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা গেইনের সহযোগী হিসাবে কাজ করছে।
মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গেইনের কান্ট্রি ম্যানেজার বসন্ত কুমার কর সাংবাদিকদের বলেন, পাইলট প্রকল্পের অধীনে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হলে তারা সারা দেশে এ কর্মসূচি গ্রহণ করবে।
গণশিক্ষামন্ত্রী বলেন, গেইনের এ কার্যক্রমে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।
কর্মসূচি সফল করার জন্য স্কুলের পরিচালনা কমিটিকে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের মায়েদের খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন আকন্দ ও গেইনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/১৯২৮ ঘ.
bdnews24