২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রূপগঞ্জের তারাবো এলাকার অন্তিম গার্মেন্টের শ্রমিক দেলোয়ার হোসেন, নিলুফা আক্তার ও খাজিদা বেগম অভিযোগ করেন, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা নানা অজুহাতে শ্রমিকদের ওপর নির্যাতন করে। তাছাড়া প্রতি মাসেই বেতন-ভাতা দিতে দেরি হয়। চলতি মাসের বেতন ১৭ তারিখে দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরেই মঙ্গলবার বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বৈঠকের পর মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকরা দুপুর ১২টার দিকে কাজে যোগ দেয় বলে ওসি জানান। অন্তিম গার্মেন্টের ব্যবস্থাপক নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, "কারখানার মালিক দেশের বাইরে থাকায় চলতি মাসের বেতন ১৭ তারিখে দেওয়ার কথা বলা হয়েছিল। এ নিয়েই শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।" শ্রমিক নির্যাতনের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৫৯ ঘ.