ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মজিবুল আরেফিন বসুনিয়া (২০)। তিনি গ্রিনরোডের ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদ আসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ফার্মগেট যাওয়ার পথে আনন্দ সিনেমা হলের সামনে মোহাম্মদপুরগামী একটি বাস মজিবুলকে ধাক্কা দেয়। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মজিবুল মোহাম্মদপুর টাউন হলে মামার সঙ্গে থাকতেন বলে জানান ওয়াহিদ।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসের চালক মো. বশিরকে আটক করা হয়েছে।
এদিকে আদবর থানা এলাকায় মঙ্গলবার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে আবদুল খালেক (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
সকাল ১১টার দিকে ৪৮ নম্বর ঢাকা হাউজিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এইচএ/১৮১৫ ঘ.
bdnews24