ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসের রিট খারিজের পর কী করণীয় আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তা ঠিক করবে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক।
মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক এ কথা বলেছে।
ব্যাংকটির মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইনের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রায় পেয়ে গ্রামীণ ব্যাংক খুবই মর্মাহত।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট মঙ্গলবার বেলা ৩টায় খারিজ করে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ।
কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণের আদেশ দেয়।
ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূস।
পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের মধ্যে নয়জন একই দিনে একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
বৃহস্পতি, রবি ও সোমবার তাদের এ আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার দুপুর ২টায় আদালত আদেশ দেওয়া শুরু করে।
গ্রামীণ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী করণীয় ঠিক করার মধ্যবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে আশা প্রকাশ করা করেছে গ্রামীণ ব্যাংক।
"আমরা আশা করি এর মাঝে কোনক্রমেই গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে না, গ্রামীণ ব্যাংকের প্রায় এক কোটি সদস্য ও ছাব্বিশ হাজার কর্মী যারা তাদের কঠিন শ্রমের দ্বারা গ্রামীণ ব্যাংককে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য দৃঢ়ভাবে নিয়োজিত আছে তাদের পরিকল্পনা ব্যাহত হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৭৫৪ ঘ.
bdnews24