২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন নিরপেক্ষ হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয় প্রভাব মুক্ত ও নিরপেক্ষ হবে। কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রভাব সৃষ্টি করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

সাতক্ষীরা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয় প্রভাব মুক্ত ও নিরপেক্ষ হবে। কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রভাব সৃষ্টি করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এই নির্বাচনে তৃণমূল পর্যায়ের মানুষ সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন, "এতে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করলে তা বরদাশত করা হবে না। জনগন যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে।" নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা না হলেও র‌্যাব, পুলিশ ও বিজিবি'র সদস্যরা নিরাপত্তা টহলে থাকবে বলে সাংবাদিকদের জানান সিইসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, আসন্ন ইউপি নির্বাচনে কোনো প্রকার কারচুপির আশংকা নেই। এটি সম্পূর্ণ নির্দলীয় নির্বাচন। পৌরনির্বাচনের মতো ইউপি নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন সিইসি। জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুস সামাদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার হাবিবুর রহমান খাঁন, খুলনা অঞ্চলের উপ-নির্বাচন কমিশনার মহসিন আলী, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রণব কুমার রায়, খুলনা র‌্যাব ৬ এর ডেপুটি পরিচালক মেজর শেখ মো. বদরুদ্দোজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৩১ ঘ.