নোয়াখালী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহন স্থগিত হওয়া কেন্দ্রে বুধবার ভোটগ্রহন করা হবে।
সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোটগ্রহণের জন্য ওই কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ সুপারিনটেন্ডেন্ট (এসপি) হারুনুর রশীদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মকর্তাসহ ৭৪ জন পুলিশ ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া ছয়জন করে মোট ১২ জন পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্য থাকবেন।
ইউএনও মো. শরিফুল ইসলাম জানান, পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটিতে গত ১৮ জানুয়ারি ভোটের সময় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
এরপর রিটার্নিং কর্মকর্তা পৌরসভার মোট নয়টি ভোট কেন্দ্রের মধ্যে ওই কেন্দ্রটি ছাড়া বাকি আটটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে ফল ঘোঘণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী জহিরুল হক রায়হান (দেয়াল ঘড়ি) পেয়েছেন তিন হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র ফখরুল ইসলাম দুলাল (আনারস) পেয়েছেন তিন হাজার ৫৯৪ ভোট।
এই পৌরসভায় ভাটগ্রহণ স্থগিত হওয়া কেন্দ্রটিতে ভোটার সংখ্যা এক হাজার ৩৩০ জন। তাই প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধানের তুলনায় এখানে ভোটার বেশি হওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। একই সঙ্গে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
কবিরহাট, নোয়াখালী ও সেনবাগ এই তিনটি পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। এসব অনিয়ম ও সহিংস ঘটনার প্রতিবাদে বিএনপি পুরো জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭০৭ ঘ.
bdnews24