২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস ধর্মঘট

মহাসড়কে ভটভটি ও নসিমন চলাচল বন্ধ এবং নিরাপত্তার দাবিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ধর্মঘট ডেকেছে রাজশাহী বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

রাজশাহী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে ভটভটি ও নসিমন চলাচল বন্ধ এবং নিরাপত্তার দাবিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ধর্মঘট ডেকেছে রাজশাহী বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। ফলে মঙ্গলবার সকাল থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় ভটভটির চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাসচালক ও শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা করে। এর প্রতিবাদে ওই মহাসড়কে শ্যালো চালিত ভটভটি ও নসিমন চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘটের ডাক দেয় বাস মালিক ও শ্রমিকরা। উত্তরবঙ্গ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, "মহাসড়কে ভটভটি ও নসিমন বন্ধ এবং পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।" জেলা পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) এসএম রোকনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৪২০ ঘ.