২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'চালের দাম সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই'

চালের বর্তমান বাজার মূল্য ৪৫ টাকার নিচে এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

চাঁদপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের বর্তমান বাজার মূল্য ৪৫ টাকার নিচে এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, "অনেকে চালের দাম নিয়ে সরকারের বিরোধিতা করে পানি ঘোলা করার চেষ্টা করছেন।" বিদ্যুৎ ও গ্যাস সংকট শিগগিরই দূর হবে এবং বছরখানেকের মধ্যে এই কষ্ট থেকে মানুষ রেহাই বলেও আশ্বাস দেন দীপু মনি। এই অনুষ্ঠানের মাধ্যমে চাঁদপুরের ১০ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন- চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক চৌধুরী (মরণোত্তর), চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পাটওয়ারী (মরণোত্তর), চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, শঙ্কর চন্দ্র দে, অধ্যাপক আহসানুজ্জামান, জাহাঙ্গীর আখন্দ সেলিম, এম এ মাসুদ ভূঁইয়া, এস এম ওবায়দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কেউ আইন ভঙ্গ করে রেহাই পাবে না। আইন ভঙ্গ করায় সরকার ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের ১ হাজার ৮১ জনকে চাকরিচ্যুত করেছে।" চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মোস্তাফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ শফিকুর রহমান, পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩০৪ ঘ.