ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ পাটকলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি।
সংরক্ষিত নারী আসনের (২১) সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় এসে পাটজাত শিল্পের ব্যপক উন্নয়নে পাটকলগুলোর পাটক্রয় খাতে অর্থায়ন করে মিলের উৎপাদন বাড়ানোর কার্যক্রম নিয়েছেন। পাট পণ্যের বর্ধিত চাহিদার সরবরাহ নিশ্চিত করতে বন্ধ পাটকলগুলো চালু করা হয়েছে এবং বাকি বন্ধ পাটকলগুলোও চালু করার উদ্যোগ নিয়েছেন।
২০০৯-১০ অর্থ বছরে ১৫ দশমিক ৯৯ লাখ বেল পাট বিদেশে রপ্তানি করে ১১৩০ দশমিক ৮৪ কোটি এবং ৫ দশমিক ৭৭ মেট্রিক টন পাটজাত দ্রব্য রপ্তানি করে ৩৯২৯ দশমিক এক কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
২০১০-১১ অর্থ বছরে গত জানুয়ারি পর্যন্ত ১০ দশমিক ৪৮ লাখ বেল পাট রপ্তানি করে ৯৯৫ দশমিক ০৯ কোটি এবং ২ দশমিক ৯৬ মেট্রিক টন পাটজাত দ্রব্য রপ্তানি করে ২১১৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানমের প্রশ্নের জবাবে আব্দুল লতিফ সিদ্দিকী জানান, চলতি অর্থ বছরে ২০ লাখ বেল পাট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-১৬ আসনের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিলের ২ নম্বর ইউনিট পুনরায় চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
৪৫ হাজার তাঁত সচল করা হয়েছে
মহিলা আসনের (৩৯) সাংসদ রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত জানুয়ারি পর্যন্ত দেশে ৪৪ হাজার ৫২৫টি তাঁত সচল করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে দেশে তাঁতীদের (১-৫ তাঁতের অধিকারী) কার্যকরী মূলধন সরবরাহের মাধ্যমে অচল তাঁত সচল করার লক্ষ্যে ১৯৯৮ সালের জুনে ৪৮৭৪ দশমিক ৪৪ লাখ বিনিয়োগ ব্যয়ে ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রকল্প নেওয়া হয়।
এ কর্মসূচির আওতায় বরাদ্দ অর্থে ৪৩ হাজার ১২৭টি তাঁত সচল করা হয়। পরবর্তীতে ঋণের কিস্তি বাবদ আদায় করা টাকায় গত জানুয়ারি পর্যন্ত আরো ১৩৯৮টি তাঁত সচল করা হয়েছে।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে বস্ত্র মন্ত্রী জানান, দেশ সরকারি খাতে বস্ত্র উৎপাদনকারী কোনো কারখানা নেই। বেসরকারি খাতে বস্ত্র কলের সংখ্যা প্রায় ১৫১৪টি। এ কলগুলোর বার্ষিক উৎপাদন (২০০৯-১০ অর্থ বছরের প্রাক্কলিত পরিসংখ্যান) ৭২০ কোটি মিটার।
৬ পাট ও ৮ বস্ত্র কল বন্ধ
ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে বস্ত্রমন্ত্রী জানান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) পরিচালনাধীন ৮টি বস্ত্রকল বন্ধ রয়েছে। এগুলো হলো- টাঙ্গাইল কটন মিল, দিনাজপুর টেক্সটাইল মিল, আর আর টেক্সটাইল মিল চট্টগ্রাম, রাঙ্গামাটি টেক্সটাইল মিল, কাদেরিয়া টেক্সটাইল মিল গাজীপুর, মাগুরা টেক্সটাইল মিল, সিলেট টেক্সটাইল মিল ও খুলনা টেক্সটাইল মিল।
তিনি জানান, খুলনা টেক্সটাইল মিলের জমিতে খুলনা টেক্সটাইল পল্লী বাস্তবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন। অবশিষ্ট বন্ধ মিলগুলোর বাস্তব অবস্থা যাচাই করে পর্যায়ক্রমে চালু করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালনাধীন ছয়টি পাটকল বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান মন্ত্রী। এগুলো হলো- পিপলস জুট মিলস লি.; কওমী জুট মিলস লি.; দৌলতপুর জুট মিলস লি.; কর্ণফুলী জুট মিলস লি.; ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি ও মনোনয়ার জুট মিলস লি.।
"পিপলস, কওমীসহ চারটি মিলে বর্তমানে পরীক্ষামূলকভাবে উৎপাদন চলছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে চালু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৪ ঘ.
bdnews24