২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ছাত্রলীগ নেতা পিটিয়েছেন শিক্ষককে'

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সুজনের মারধরে এক স্কুল শিক্ষক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নেত্রকোনা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সুজনের মারধরে এক স্কুল শিক্ষক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার মঙ্গলবাড়ীয়ায় এ ঘটনায় আহত হন জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন (৪০)। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামুন বাদী হয়ে সুজনসহ সাত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেছেন। তাৎক্ষণিকভাবে অপর আসামিদের নাম জানা যায়নি। আহত শিক্ষক মামুন জানান, তার বাবা ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আগামী ১৫ মার্চ ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে প্রধান অতিথি করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ তাদের ওপর ক্ষিপ্ত হয়। আহমদ হোসেনকে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি না করার জন্য উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুজন তাকে মোবাইল ফোনে হুমকি দেন বলেও মামুন জানান। মামলার বরাত দিয়ে পূর্বধলা থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, সকালে মামুন মোটরসাইকেলে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার পথরোধ করে প্রচণ্ড মারধর এবং তার মোটরসাইকেলটি ভাংচুর করে। তবে সুজন বলেন, তিনি এ হামলার সঙ্গে জড়িত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.