২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিমের লাশ আসছে মঙ্গলবার

লিবিয়া-প্রবাসী সেলিম চৌধুরীর লাশ মঙ্গলবার বাংলাদেশ এসে পৌঁছবে। অপর বাংলাদেশি জাহাঙ্গীর আফরাদের লাশ পৌঁছবে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া-প্রবাসী সেলিম চৌধুরীর লাশ মঙ্গলবার বাংলাদেশ এসে পৌঁছবে। অপর বাংলাদেশি জাহাঙ্গীর আফরাদের লাশ পৌঁছবে বুধবার। সোমবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সেলিম লিবিয়া থেকে তিউনেশিয়ায় আশ্রয় নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কুয়েত এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে তার মৃতদেহ পাঠানো হচ্ছে। এছাড়া পালাতে গিয়ে জাহাজ থেকে লাফিয়ে পড়ে নিহত অপর তিন বাংলাদেশির লাশও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে গ্রিসের বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে লাফিয়ে পড়ে আহত ১৮ বাংলাদেশি নাগরিককে চিকিৎসা শেষে জাহাজে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫৪৯৮ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে ৩৯০৩ জন এসেছেন নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ১৫৯৫ জনের দেশে ফেরায় ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এছাড়া কয়েকজন নিজ খরচে দেশে ফিরেছেন। সর্বশেষ খবর অনুযায়ী আল সালোউম সীমান্তে কমপক্ষে সাড়ে চার হাজার বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি দল সেখানে আটকে পড়া বাংলাদেশিদের যাবতীয় খোঁজ-খবর রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে আইওএম। আশা করা হচ্ছে আগামী দিনগুলোতে এ সংখ্যা প্রতিদিনই বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা তথ্যানুযায়ী, আইওএম এর ব্যবস্থাপনায় ডিএফআইডির সহযোগিতায় সোমবার আরো ৫২২ জন বাংলাদেশ এসে পৌঁছানোর কথা। এছাড়া মঙ্গলবার আসবে আরো ৪৫২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৮৫৯ ঘ.