ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনে মঙ্গলবার আদেশ দেবে আদালত।
রিট আবেদনের ওপর সোমবার তৃতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ বলেছে, মঙ্গলবার বেলা ২টায় আদেশ দেওয়া হবে।
সোমবার শুনানিতে ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ ছাড়ার বিষয়ে অর্থমন্ত্রীকে ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া চিঠি নিয়ে 'কিছু করার' নেই বলে রোববার জানায় হাইকোর্ট।
শুক্রবার গ্রামীণ ব্যাংকের এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, মুহাম্মদ ইউনূস এক বছর আগেই দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি লেখেন। ওই চিঠি প্রকাশও করে তারা। তবে গ্রামীণ ব্যাংকের প্রকাশিত ওই চিঠি খণ্ডিত বলে দাবি করেছে অর্থ মন্ত্রণালয়।
বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় রোববার নোবেল বিজয়ী ইউনূসের আইনজীবী ওই চিঠির প্রসঙ্গ তোলেন। এ বিষয়ে রোববার একটি সম্পূরক আবেদনও করেন ইউনূসের আইনজীবীরা।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণে বুধবার আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
ওই আদেশের বৈধতা নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন ইউনূস।
ইউনূসের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের নয়জন একই দিন হাইকোর্টের একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
সোমবার দুপুর ২টা ১০ মিনিট থেকে ৪টা ৪০ পর্যন্ত শুনানি হয়।
ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নিয়ে রোকনউদ্দিন মাহমুদ বলেন, রুল দেওয়ার পূর্বে এত দীর্ঘ শুনানি নিয়ম নেই। শুনানি হবে রুলের পরে। এভাবে যদি চলতে থাকে, আমরা থাকবো না।
তিনি আদালতে আরো বলেন, কথায় আছে, যে দেশের গুণীর কদর নেই। সে দেশে গুণী জন্মায় না। ভবিষ্যতে কেউ নোবেল পুরস্কার পেলে হয়তো দেশেই আসবে না। অথবা নিজের প্রতিষ্ঠান বাঁচানোর জন্য নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করবে।
"মাই লর্ড, আপনি জানেন এই মামলার শুনানিতে আমার অসুবিধা আছে। আপনারও অসুবিধা থাকতে পারে। আমি সাহসী বলে এরপরও শুনানি করছি", বলেন রোকউদ্দিন।
এ সময় আদালত বলেন, আমার মনে হয়, আমার অসুবিধা নেই।
রোকনউদ্দিন বলেন, রুল দিলে আমরা বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শুনতে পারতাম। তাদের বক্তব্য শোনার অধিকার আমাদের রয়েছে।
তিনি বলেন, আমাদের এই রিট সরাসরি খারিজ করে দিলে আমরা চলে যাব। ইউনূসও চলে যাবেন। তবে এই ইনস্টিটিউশন থাকবে। এটা যেন ঠিক থাকে। আপনারা আমাদেরই লোক। আপনারা বারে ছিলেন। এখন বিচারপতি হয়েছেন।
আদালতে রোকউদ্দিন বলেন, ১৯৯৯ সালে ইউনূস নোবেল পুরস্কার পাননি। পেয়েছেন ২০০৬ সালে। তবে কি একজন অবৈধ লোককে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের অবৈধ কাজকে বৈধ করার জন্য কি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
"১২ বছর ধরে কোলাকুলি করলেন। এখন বলছেন তিনি অবৈধ। আমি আদালতে না এসেও বলতে পারতাম, এ সিদ্ধান্ত মানি না। কিন্তু আমাদেরকে আইনের মধ্য দিয়ে চলতে হয়। কারণ আমরা সভ্য জাতি।
"আমাদের মনে হয় না আমরা ন্যায় বিচার পাবো।"
আদালত বলেন, আমরাতো কোনো সিদ্ধান্ত নেইনি। এভাবে বললে আমরাও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবো।
এর আগে শুনানির শুরুতেই রোকনউদ্দিন বলেন, সংবাদপত্রে আমার বিকৃত বক্তব্য ছাপা হয়েছে। যা আমি বলিনি, তা ছাপা হয়েছে।
আদালত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা সতর্ক হবেন।
পৌনে ৩টায় বক্তব্য শেষ করে আদালত থেকে বের হয়ে যান তিনি।
এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সরকার পক্ষে বক্তব্য শুরু করেন। ১৫ মিনিট পরে আদালত থেকে ইউনূসও বের হয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/এএল/পিডি/১৯৪২ ঘ.
bdnews24