২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঞ্চল্যকর রামানন্দ চন্দ্র দাস হত্যা মামলায় চার জনকে ফাঁসি এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

বগুড়া, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঞ্চল্যকর রামানন্দ চন্দ্র দাস হত্যা মামলায় চার জনকে ফাঁসি এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। ফাঁসির আসামিরা হলেন বি-কুষ্টিয়া গ্রামের রেজা মিয়ার দুই ছেলে মাজেদ (৩২) ও মতিন (২৪) এবং একই গ্রামের আজিজার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও ডেমাজানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল ওরফে আবিদুর রহমান (৩৮)। এই চারজনের মধ্যে আব্দুল মতিন ও আনোয়ার হোসেন পলাতক রয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আড়িয়া উত্তরপাড়ার গোলাম রহমানের ছেলে রঞ্জু ওরফে আব্দুল খালেক (২৮), ডেমাজানী গ্রামের মনি সাহার ছেলে রিপন সাহা (২২) ও হাবিবুর রহমানের ছেলে মজনু (২০), বি-কুষ্টিয়া গ্রামের বাজিত উল্লাহর ছেলে জুয়েল (২৫) ও রইচ উদ্দিনের ছেলে বকুল (২৫), চকচুপিনগর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শহিদুল (৩২)। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রিপন সাহা, মজনু ও শহিদুল পলাতক রয়েছে। ২০০৩ সালের ৯ নভেম্বর উপজেলার ডেমাজানী বাজারে গোবিন্দ চন্দ্র দাসের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রামানন্দ চন্দ্র দাস সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারা যান। এ ঘটনায় রামানন্দের ভাই নিতাই চন্দ্র দাস ১৬ জনের নামে শাজাহানপুর থানায় মামলা করেন। পরে মামলাটি সিআইডির ওপর ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৫৯ ঘ.