২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ৪০ বছর৫০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাবে সম্মাননা

স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা বিভিন্ন দেশের ৪৫ জন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি সংগঠনকে আগামী ২৬ মার্চ সম্মাননা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা বিভিন্ন দেশের ৪৫ জন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি সংগঠনকে আগামী ২৬ মার্চ সম্মাননা দেবে সরকার। সোমবার মন্ত্রিসভার ১০৪তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ এর খসড়া অনুমোদনও হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। "এ নীতি বাস্তবায়িত হলে জাতীয় ও প্রশাসনিক কর্মকাণ্ডে নারীর ক্ষমতা ও অধিকার নিশ্চিত হবে", বলেন প্রেসসচিব। ঢাকা শহরে যানজট নিরসনে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) আওতায় অন্তর্ভুক্ত ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি) লাইন-৬ বাস্তবায়ন ও আনুসঙ্গিক বিষয়ে সার্বিক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে প্রেসসচিব বলেন, এসটিপি'র আওতায় উত্তরা থেকে পল্লবী হয়ে বিজয় সরণী, ফার্মগেট থেকে সায়েদাবাদ পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণ করা হবে। ২০১৩ সালের মধ্যে কাজ শেষ করা হবে। বৈঠকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন-২০১১ খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রেসসচিব বলেন, "ভূমি অধিগ্রহণ হবে শুনেই বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করে সরকারের উন্নয়ন কাজে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে, সেজন্য এ আইনটি করা হচ্ছে।" এছাড়াও এ বৈঠকে চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন খসড়া অনুমোদন হয়েছে। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত স্বাস্থ্যখাতে সহযোগিতা চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ১৩তম বিমসটেক মন্ত্রী পর্যায় সম্মেলনে অংশগ্রহণের বিষয়গুলো পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সফরের বিষয়গুলো শিক্ষামন্ত্রী মন্ত্রিসভাকে জানান। প্রেসসচিব বলেন, বিমসটেকের সদর দপ্তর ঢাকায় স্থানান্তরিত হবে বলে মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এমআই/১৫৩৫ ঘ.