২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ক্ষমতায়নে ১২ দাবি এডাবের

সিডও সনদের দুটি ধারায় সংরক্ষণ তুলে তা পুরোপুরি বাস্তবায়নসহ নারীর সমঅধিকার নিশ্চিত এবং ক্ষমতায়নের জন্য সরকারের কাছে ১২ দফা দাবি জানিয়েছে দেশের এনজিওগুলোর সংগঠন এডাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডও সনদের দুটি ধারায় সংরক্ষণ তুলে তা পুরোপুরি বাস্তবায়নসহ নারীর সমঅধিকার নিশ্চিত এবং ক্ষমতায়নের জন্য সরকারের কাছে ১২ দফা দাবি জানিয়েছে দেশের এনজিওগুলোর সংগঠন এডাব। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের একদিন আগে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয় অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর পক্ষ থেকে। এডাবের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, "সংবিধানে নারী-পুরুষ সবার সমান অধিকারের কথা বলা হলেও দেশ স্বাধীনের ৪০ বছর পরও নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি ধর্মের অজুহাতেও নারীদের বঞ্চিত করা হচ্ছে।" এডাবের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১৯৭২ সালের সংবিধানের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমঅধিকার নিশ্চিত, জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সব বৈষম্য বিলোপ সনদের (সিডও) ধারা-২ এবং ধারা ১৬-১ (গ) সংরক্ষণ প্রত্যাহার করে এর পূর্ণ অনুমোদন দেওয়া। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের এক-তৃতীয়াংশ নারী প্রার্থী মনোনয়নের বিধান করার দাবি জানান আমিনুল। তিনি একইসঙ্গে বলেন, "১৯৯৭ সালের নারী নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্য এবং উপজেলায় নির্বাচিত ভাইস-চেয়ারম্যানদের দায়িত্ব ও ক্ষমতা সুনির্দিষ্ট করতে হবে।" শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের হয়রানি বন্ধসহ গৃহস্থালি কাজে নিয়োজিত নারীদের কাজের স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছে এডাব। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নারী মঞ্চের সভাপতি কাজী বেবী, এডাবের কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন নাহার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪১৪ ঘ.