পাবনা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে পাবনার বেড়া উপজেলায় বড় ভাইয়ের মারপিটে এক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম আলম মোল্লা (৪৫)। রোববার মারধরে আহত আলম সোমবার বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
বেড়া থানার ওসি জিল্লুর রহমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে জাতসাকিনী গ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই জালাল মোল্লা (৫০) ছোট ভাই আলমকে বেদম মারপিট করে। মারপিট ঠেকাতে এসে প্রতিবেশী বাদশা হোসেন (৩৫) ও কামরুল ইসলাম (৩৭) নামে দুই ব্যক্তিও আহত হয়।
তিন জনকে রাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার সকাল ৭টার দিকে আলম মারা যান বলে ওসি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জালাল পলাতক রয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২৫ ঘ.
bdnews24