২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া থেকে সবাইকে ফেরতে ৬ সুপারিশ বিএনপির

লিবিয়ায় আটকেপড়া সব বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে সরকারকে ছয়টি পরামর্শ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 06:48 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় আটকেপড়া সব বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে সরকারকে ছয়টি পরামর্শ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ সুপারিশগুলো তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক। সম্মেলনে কয়েকজন অবসরপ্রাপ্ত কূটনীতিকও ছিলেন, যারা বর্তমানে বিএনপিতে যুক্ত। বিএনপির সুপারিশগুলো হলো- আটকেপড়াদের তদারকিতে মিশর, তিউনিসিয়াসহ পাশের দেশগুলোর দূতাবাসের কর্মকর্তাদের দ্রুত লিবিয়ায় প্রেরণ, মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশ বিমানের ফ্লাইট রুট পরিবর্তন, শিপিং কর্পোরেশনের জাহাজ ভাড়া, সামরিক বিমান ব্যবহার, লিবিয়া সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে প্রবাসীদের দেখভালে ত্রাণ শিবির স্থাপন ও ব্যবসায়ীদের কাছে সহযোগিতার আহ্বান। চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হটানোর দাবিতে বিরোধীদের আন্দোলনে তিন সপ্তাহ ধরে উত্তাল উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। সেখানে অর্ধলক্ষাধিক বাংলাদেশি রয়েছে। সংঘাতময় লিবিয়া ছাড়তে গিয়ে ইতোমধ্যে পাঁচ বাংলাদেশি মারা গেছেন। তবে সবাইকে এখনি সব বাংলাদেশিকে ফেরত আনতে নারাজ সরকার। বিএনপি অবশ্য সবাইকে ফেরত আনার দাবি জানিয়ে আসছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, লিবিয়াপ্রবাসীদের ফিরিয়ে আনতে সরকার 'চরম ব্যর্থতার' পরিচয় দিচ্ছে। ওসমান ফারুক বলেন, "লিবিয়ায় ৬০ হাজার বাংলাদেশি অসহায় অবস্থায় পড়েছেন। তাদের দেখভালে সরকারের কার্র্যক্রম দুঃখজনক ও হাস্যপ্রদ। তারা কেবল প্রেস কনফারেন্স ও জেনেভা দৌড়াদৌড়ি ছাড়া কিছুই করছেন না।" "সরকার পরমুখাপেক্ষী হয়ে বসে আছে। আমরা দেখেছি, চীন ও কোরিয়ান কোম্পানির মাধ্যমে লিবিয়া অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরছেন", বলেন তিনি। সরকারের 'উদ্যোগহীনতার' সমালোচনা করে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বলেন, "অতীতে লেবানন ও কুয়েত-ইরাক যুদ্ধের সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছিলো। এক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বর্তমান সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।" লিবিয়ার বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা অভাব রয়েছে বলেও অভিযোগ করেন সাবেক পররাষ্ট্র সচিব সমশের। প্রবাসীদের পাসপোর্ট নবায়নের সময় দেওয়া অর্থের একটি অংশ লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের আনার কজে ব্যবহারের প্রস্তাব দেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আল হারুনও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২০ ঘ.