এথেন্স, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়া ছেড়ে যাওয়ার সময় গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ভূমধ্যসাগরে ডুবে কমপক্ষে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ক্রিট দ্বীপের সৌদা বন্দরে এ ঘটনা ঘটে।
তিনজনের মধ্যে দুইজন পানিতে ডুবে এবং স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দেহের তাপমাত্রা কমে যাওয়ায় অন্যজনের মৃত্যু হয়।
বন্দর এলাকায় নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উপকূল রক্ষা বাহিনী।
'আয়োনিয়ান কিং' নামে একটি যাত্রিবাহী ফেরিতে ত্রিপোলি থেকে মোট ১২৮৮ জনকে গ্রিসে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ফেরিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি।
গ্রিসের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ফেরিটি তীরের কাছাকাছি পৌঁছলে বেআইনিভাবে গ্রিসে ঢোকার জন্য অন্তত ৫০ জন বাংলাদেশি রশির সাহায্যে নিচে নেমে আসেন। পরে তারা পানিতে ঝাঁপ দেন। এদের ২৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপকূল রক্ষা বাহিনীর ধারণা, দেশে যেন না ফিরতে হয় এজন্য তারা এমন করেছেন।
লিবিয়ায় চলমান সহিংসতায় বেআইনিভাবে ইউরোপে ঢোকার হার বেড়ে গেছে। ভিয়েতনাম ও চীনের হাজার হাজার কর্মীকে লিবিয়া থেকে গ্রিসে সরিয়ে নেওয়া হচ্ছে।
লিবিয়ায় প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ কয়েক হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।
লিবিয়ায় অবস্থানকারী বিদেশিদের মধ্যে মিসরীয়দের পর বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত সাড়ে তিন হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/এএল/পিডি/২০৩০ ঘ.
bdnews24