ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাতময় লিবিয়া থেকে প্রতিদিন পাঁচশ' থেকে সাড়ে পাঁচশ' বাংলাদেশি ফিরছে- এ কথা জানিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সবাই দেশে ফিরতে বেশ সময় লাগবে।
রোববার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ অপু উকিলের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী জানান, লিবিয়াতে ২৭ হাজার বাংলাদেশি কর্মী নিয়োজিত ছিল। সংঘাতময় পরিস্থিতিতে এদের ১৭ হাজার তিউনিসিয়ায় ও ১০ হাজার মিশরে অবস্থান করছেন।
এ সব কর্মীর মধ্যে নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকেই ফিরছেন, অন্যদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান খন্দরকার মোশাররফ।
"দুইটি দেশের ক্যারিয়িং ক্যাপাসিটি অনুপাতে প্রতিদিন ৫শ' থেকে সাড়ে ৫শ' লোক আনতে পারছি। পুরো ২৭ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বেশ কিছু সময় ব্যয় হবে," বলেন মন্ত্রী।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।
সাংসদ সানজিদা খানমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী মোশাররফ জানান, লিবিয়ার পরিস্থিতি উন্নত হলে ফেরত আসা কর্মীরা আবার ওই দেশে ফিরতে পারবেন। লিবিয়া ফেরত বাংলাদেশিদের তালিকা করা হচ্ছে। আগামীতে সুযোগ এলে তারা অগ্রাধিকার পাবে।
নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে
সাংসদ তারানা হালিমের সম্পূরক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন জানান, মধ্যপ্রাচ্যে আন্দোলনে যে ঢেউ এসেছে তাতে ওই অঞ্চলে জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক। এতে বাংলাদেশও প্রভাবিত হবে।
"মধ্যপ্রাচ্যে লোক পাঠাতে পারি বা না পারি, অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি অব্যাহত রয়েছে। পাশাপাশি নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে। বিশেষ করে, আফ্রিকা, পাপুয়া নিউগিনি, রাশিয়া, ইউরোপ ও নিউজিল্যান্ডে লোক পাঠানোর চেষ্টা করছি।"
ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মসংস্থান বাড়াতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল নিয়মিত শ্রমিক আমদানিকারক দেশগুলোতে সফর করছেন ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করা হয়েছে।
"বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে। এ লক্ষ্যে পাঁচটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল শিগগির ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার সফর করবে," বলেন কর্মসংস্থানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২২ ঘ.
bdnews24