২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহল সমস্যা সমাধানে সরকারকে তাগিদ

ছিটমহল সমস্যার সমাধান করে সেখানকার বাসিন্দাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

কুড়িগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিটমহল সমস্যার সমাধান করে সেখানকার বাসিন্দাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সীমান্তে ফেলানীর মতো কারো মৃত্যু যেন না হয়, সেদিকে কড়া দৃষ্টি রাখতেও সরকারকে বলেছেন তিনি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রোববার সীমান্তের জেলা কুড়িগ্রামের সদর হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে অবস্থিত দুই দেশের ১৬২টি ছিটমহলের অধিবাসীরা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে আছে। রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা পায় না তারা। "মানুষ হিসেবে তাদের কোনো অধিকার নেই। তাই সার্বজনীন মানবাধিকার রক্ষায় ছিটমহল সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের আশু দৃষ্টি দেওয়া প্রয়োজন।" ছিটমহলের এই সমস্যা ১৯৪৭ সালে ভারত ভাগ হওয়ার পর থেকেই চলছে। বাংলাদেশ-ভারতের মধ্যে মোট ১৬২টি ছিটমহল রয়েছে, এর মধ্যে ভারতে ১১১টি এবং বাংলাদেশে ৫১টি। ১৭ হাজার ১৫৮ একর জমিতে প্রায় ১ লাখ ৪৪ হাজার মানুষ এসব ছিটমহলে বাস করছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ে দীর্ঘ দিনের ছিটমহল সমস্যার সমাধানে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের হাসপাতালে রোগীদের গাদাগাদি অবস্থা দেখে এবং সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "হাসপাতালটি ১০০ শয্যার হলেও রোগী আছে ১৫০ জনের মতো। এদের বারান্দা ও মেঝেতে রাখা হয়েছে। অতিরিক্ত রোগীদের খাবার সরবরাহ করা হয় না। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে।" এ বিষয়ে দৃষ্টি দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মিজানুর। হাসপাতাল পরিদর্শনের পর তিনি নাগেশ্বরী উপজেলার কলোনীটারি গ্রামে ফেলানীর বাড়িতে যান। এ বছরের শুরুতে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে প্রাণ হারায় কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় আটকে পড়া ফেলানীর মৃত্যুর খবর বহির্বিশ্বে সংবাদ মাধ্যমের খবর হয়ে ওঠে। যার নিন্দা জানায় মানবাধিকার সংগঠনগুলো। ডাণ্ডাবেড়ি পড়া হাজতি দেখে প্রতিক্রিয়া কুড়িগ্রাম সদর হাসপাতালে কার্ডিওলোজি বিভাগে কোমরে দড়ি বাঁধা ও ডাণ্ডাবেড়ি পড়া অবস্থায় চিকিৎসাধীন হত্যামামলার আসামি আব্দুর রহিমকে (২২) দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, "এই লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পাহারায় আছে পুলিশ। কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এছাড়াও পরানো হয়েছে ডাণ্ডাবেড়ি। তার এমনিতেই বিচার চলছে। তারপরও এই শাস্তি কেন?" এতে রহিমের চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন মিজানুর। কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন হাফিজুর রহমানসহ অন্য চিকিৎসকরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জানান, অ্যাজমায় আক্রান্ত রহিমকে শনিবার রাতে হাসপাতালে আনা হয়। রশি ও ডাণ্ডাবেড়ি খোলার কথা বলা হলেও পুলিশ তাতে রাজি হয়নি। উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের রহিম হত্যা মামলায় আসামি হয়ে প্রায় ৪ বছর ধরে হাজতবাস করছেন। তার বিষয়ে কুড়িগ্রামের কারারক্ষক সোলায়মান আলী সাংবাদিকদের বলেন, "তার মামলার বিচার চলছে। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সে যাতে পালাতে না পারে সে জন্য জেলখানার বাইরে কোমরে দড়ি বাঁধা ও ডাণ্ডাবেড়ি লাগানো হয়েছে।" এ বিসয়ে সরকারি আইন কর্মকর্তা পিপি আব্রাহাম লিংকন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন কাউকে এভাবে রাখা উচিৎ নয়। উচ্চ আদালত থেকে এ ব্যাপারে বিধি নিষেধ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.