২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরনের ক্ষতি করার সামর্থ্য জঙ্গিদের এখন নেই: র‌্যাব

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশে জঙ্গি সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে দাবি করে র‌্যাবপ্রধান মোখলেসুর রহমান বলেছেন, এখন বড় ধরনের কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর সক্ষমতা জঙ্গিদের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

বরিশাল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশে জঙ্গি সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে দাবি করে র‌্যাবপ্রধান মোখলেসুর রহমান বলেছেন, এখন বড় ধরনের কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর সক্ষমতা জঙ্গিদের নেই। রোববার বরিশালের সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, "বর্তমানে দেশে জঙ্গিবাহিনী নিষ্ক্রিয় এবং তাদের কোনো বড় ধরনের ক্ষতি করার সম্ভাবনা নেই।" "জঙ্গিরা বাইরের কেউ নয়, এরা আমাদের দেশের রাজনৈতিক দলেরই লোক", বলেন তিনি। জঙ্গি দমনে র‌্যাব তৎপর রয়েছে জানিয়ে মোখলেসুর বলেন, বহু জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। যারা ধরা পড়েনি, তাদের ধরতেও চেষ্টা চলছে। র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "র‌্যাব কাউকে গুম করে না। র‌্যাব গুম ও অপহরণ হওয়া মানুষদের উদ্ধার করে।" গুম করার যে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠন তুলেছে, তা জবাবে র‌্যাবপ্রধান বলেন, "র‌্যাবের পরিচয় দিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এজন্য আমরা (র‌্যাব) দায়ী নই। এ অপরাধী চক্রটিতে ধরার জন্য র‌্যাব কাজ করছে।" উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের দমনে র‌্যাব পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি। এক্ষেত্রে উপকূল রক্ষী বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। এর আগে সকালে র‌্যাব মহাপরিচালক র‌্যাব-৮ এর সদর দপ্তরে যান। শনিবার রাতে বরিশাল এসে তিনি এলজিইডি মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.