২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস শ্রমিকের সঙ্গে সংঘর্ষে ঢাবির চার ছাত্র আহত

বাস কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত চার ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 07:15 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত চার ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মতিঝিলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রেজোয়ান আহমেদ নামের একজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরে আরবী বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা সোনারগাঁও বেড়াতে যায়। বিকালে বিশ্ববিদ্যালয়ের বাসে ফেরার পথে মদনপুরে একটি পেট্রোল পাম্পে হিমালয় পরিবহনের একটি বাসের কর্মচারীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ফেরার পথে বাস থেকে কয়েকজন ছাত্র টেলিফোন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের বন্ধুদের মতিঝিলে আসতে বলে। তাদের কথামতো ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের আরেকটি দল মতিঝিলে হিমালয় পরিবহনের কাউন্টারে উপস্থিত হয়। সেখানে বাসের কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এ সময় আরবী বিভাগের মাস্টার্সের ছাত্র রেজোয়ান আহমেদ গুরুতর আহত হয়। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আইআর-এর মাস্টার্সের ছাত্র রনি অভিযোগ করেন, হিমালয় পরিবহনের কর্মচারীরা রেজোয়ানকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। আরবী বিভাগের দ্বিতীয় বর্ষের জহিরুল ইসলাম, তৃতীয় বর্ষের ওজায়ের হোসেন মনির ও মমিনুর রহমান নামের আরো তিন ছাত্র এ সময় আহত হয় বলে জানান তিনি। মতিঝিল থানার ওসি তোফজ্জল হোসেন বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকমকে বলেন, "মারামারির এক পর্যায়ে একটি ছেলে দৌড় দিলে রাস্তায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী বলেন, হিমালয় পরিবহনের কর্মচারীরা কয়েকজন ছাত্রকে মারধর করেছে। আহত রেজোয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এলএইচ/ডিডি/জেকে/০১১২ ঘ.