নারায়ণগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকনিকের গাড়ি পার্কিং নিয়ে পিকনিককারী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকার শেখ রাসেল রাজউক পার্কে এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার উত্তরার নিপা গ্র"পের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা শেখ রাসেল রাজউক পার্কে পিকনিকে আসেন। বিকাল সাড়ে ৩টায় তাদের নিয়ে আসা বাস ও মাইক্রোবাস পার্কের ভিতরে পার্কিং করতে গেলে পার্কের কর্মচারীরা বাধা দেয়।
এসময় পার্কের কর্মচারী ও পিকনিকে আসা লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় ২০/২৫ জন পিকনিককারীদের ওপর হামলা চালালে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এ সময় স্থানীয়রা পিকনিকে আসা লোকদের টাকা, মোবাইল ফোন সেট ও হাতঘড়িসহ অন্তত একলাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহতদের মধ্যে রয়েছেন- নিপা গ্র"পের আজমল হোসেন (২৮), সোহাগ মিয়া (৩০), রফিকুল (২৬), ইলিয়াছ ভুঁইয়া (২৫), দেলোয়ার হোসেন (৩৩), মজিবুর রহমান (২৭), ইয়াকুব আলী (২৩) ও মোহসিন মিয়া (২০), পার্কের কর্মচারী আওলাদ হোসেন (৪২), শফিক (৪০), কামরুজ্জামান (৩৪), মনজুর হোসেন (৪৩), সেকান্দার মিয়া (৪০), কাজল (৩৮), জাকির হোসেন (৩৫), সুমন (২৮), শাহিন মিয়া (৩৮) ও বাতেন (৪২)। বাকিদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০৯ ঘ.
bdnews24