গাজীপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে আরো একটি মুরগির খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ঘটেছে। এ কারণে সদর উপজেলার তড়ৎপাড়া এলাকায় বুশরা পোল্ট্রি নামের ওই খামারের ১ হাজার ১৩৭টি মুরগি মেরে মাটিচাপা দেওয়া হয়েছে শুক্রবার রাতে।
গাজীপুর সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বুশরা পোল্ট্রি ফার্মের বেশ কিছু মুরগি মারা যায়। ওই দিনই মৃত মুরগির নমুনা পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় পশুরোগ অনুসন্ধানাগারে পাঠানো হয়।
সেখানে বার্ড ফ্লুর জীবাণু সনাক্ত হলে শুক্রবার রাত ১০ টার দিকে ওই খামারের ১ হাজার ১৩৭টি মুরগি মেরে মাটি চাপা দেওয়া হয়। একইসঙ্গে ধ্বংস করা হয় ২০৫টি ডিম।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আমিন উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শামছুর রহমান, কালিয়াকৈরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন ও সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. জলিল এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় লোহানী পোল্ট্রি ফার্মের বার্ড ফ্লু আক্রান্ত ৫ হাজার ৭০১টি মুরগি ও আড়াই হাজার ডিম ধ্বংস করা হয়।
এছাড়া ৭ ফেব্র"য়ারি কোনাবাড়ির দেওলিয়াবাড়ি গ্রামের খোরশেদ এগ্রো ফার্মের ৫ হাজার ও ১৯ জানুয়ারি কাপাসিয়ার দস্যু নারায়ণপুরের তমিজ উদ্দিনের খামারের আড়াই হাজার মুরগি নিধন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৮০৯ ঘ.
bdnews24