চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেয় ব্যাংকের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী।
মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোবেলজয়ী ইউনূসকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা ওই পদে ইউনূসকে বহাল দেখতে চান।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী ইউনূসকে গত বুধবার অপসারণের আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে সর্বশেষ মেয়াদে ইউনূসকে নিয়োগ দেওয়ায় তাকে অপসারণ ছাড়া কোনো উপায় ছিলো না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন।
তবে কেন্দ্রীয় ব্যাংকের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন ইউনূস। গ্রামীণ ব্যাংকও বলছে, তার নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এমআই/১৪৫০ ঘ.
bdnews24